বুধবার , ২৫ নভেম্বর ২০২৬
বুধবার , ২৫ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › ১৭ হাজার টাকা মজুরি নির্ধারণের পরও পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সংঘর্ষ

১৭ হাজার টাকা মজুরি নির্ধারণের পরও পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সংঘর্ষ

favicon
ভোরের আলো ডেস্ক:
১৭ হাজার টাকা মজুরি নির্ধারণের পরও পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সংঘর্ষ

নিম্নতম মজুরি বোর্ডের সভায় পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হলেও গাজীপুর ও সাভারের কয়েকটি শিল্পাঞ্চলে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সড়ক অবরোধ ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।


পুলিশ জানায়, বুধবার সকাল ৮টার পর থেকেই গাজীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি, কাশিমপুর, নাওজোর, ভোগড়া বাইপাস ও বড়বাড়িসহ বিভিন্ন এলাকায় ন্যায্য মজুরির দাবিতে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। তারা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। একপর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।


বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দফায় দফায় মহাসড়ক অবরোধ করায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অস্থিতিশীল পরিস্থিতির কারণে গাজীপুরের বেশ কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


এদিকে, সাভারের হেমায়েতপুরেও কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।


বিক্ষোভ ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে সাভারে ২০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ছুটি দেওয়া হয়েছে আরও ১০টি কারখানায়।


শিল্পাঞ্চলগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে।