তাজমহল দেখতে গিয়ে ১৮ বছর কারাগারে, প্যারোলে মুক্ত বাদল ফরাজি
ভারতের আগ্রায় তাজমহল দেখতে গিয়ে নামের মিলের কারণে হত্যা মামলায় জড়িয়ে দীর্ঘ ১৮ বছর কারাগারে কাটাতে হয়েছে মোংলার বাদল ফরাজিকে। ভারতের কারাগারে ১০ বছর এবং বাংলাদেশে আরও আট বছর বন্দিজীবন কাটানোর পর অবশেষে চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেয়েছেন তিনি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মুক্তি পেয়ে ফিরেছেন নিজ বাড়িতে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকার কাশিমপুর কারাগার থেকে পুলিশি প্রহরায় বাদলকে মোংলায় নেওয়া হয়। পথে তাকে বাগেরহাট জেলা কারাগারের কর্মকর্তাদের কার্যালয়ে নেওয়া হয়। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে রাত ১১টার দিকে তাকে মোংলার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। দীর্ঘ ১৮ বছর পর বাদলকে কাছে পেয়ে বৃদ্ধ মা ও পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
বাদল ফরাজির জীবনে দুর্ভোগের শুরু ২০০৮ সালে। তখন তিনি অষ্টম শ্রেণির শিক্ষার্থী। ট্যুরিস্ট ভিসায় ভারতের আগ্রায় তাজমহল দেখতে যান তিনি। বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর একটি হত্যা মামলায় আসামির নামের সঙ্গে মিল থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটক করে।
জানা যায়, ভারতে এক বৃদ্ধকে হত্যার মামলায় পলাতক আসামি ছিলেন বাদল সিং। নামের মিলের কারণে মোংলার বাদল ফরাজিকে ওই মামলায় জড়িয়ে ফেলা হয়। পরে ভারতীয় আদালতে দোষী সাব্যস্ত হয়ে সাজা পান তিনি। এরপর ভারতের কারাগারে দীর্ঘ ১০ বছর কাটাতে হয় তাকে।
পরবর্তী সময়ে দুই দেশের বন্দি স্থানান্তর চুক্তির আওতায় বাদলকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। কিন্তু দেশে ফেরার পরও মুক্তি পাননি তিনি। বাংলাদেশের কারাগারে আরও আট বছর কাটাতে হয় তাকে। সব মিলিয়ে ১৮ বছর কারাবন্দি থাকার পর পরিবারের আবেদনে চার সপ্তাহের প্যারোলে মুক্তি পান বাদল।
দীর্ঘদিন পর বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হলেও স্বজনদের মধ্যে আনন্দের পাশাপাশি বিচ্ছেদের দীর্ঘ বেদনা রয়েছে। এ সময় পরিবারের সদস্যরা বাদল ফরাজির স্থায়ী মুক্তির দাবি জানান।