ছাত্রলীগ নেতাকে পুলিশের হাতে তুলে দেওয়া নিয়ে রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ
কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে রাজশাহীতে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রদলের দুই পক্ষ। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর জাদুঘর মোড় এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।
প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে দুই পক্ষের নেতাকর্মীরা দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ ঘটান। এ সময় গুলিবর্ষণেরও অভিযোগ উঠেছে। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে জড়িত দুই পক্ষের নেতাকর্মীদের হাতে দেশীয় অস্ত্র দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। পরে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
তবে সংঘর্ষ থামলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নতুন করে অপ্রীতিকর ঘটনা এড়াতে পরিস্থিতির ওপর নজর রাখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।