মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় আলোচিত পুলিশ কর্মকর্তা আবুল হাসান গ্রেফতার
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় আলোচনায় আসা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও দলটির কর্মী টিকটিক মকবুল হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
গত সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয় থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।
পরে তাকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও দলটির কর্মী টিকটিক মকবুল হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
৩৪তম বিসিএস পুলিশ ব্যাচের কর্মকর্তা আবুল হাসানের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। সম্প্রতি মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় পরিকল্পনাকারী হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ তার বিরুদ্ধে অভিযোগ তোলেন।
এ ছাড়া বিএনপির কয়েকজন নেতাকর্মী আগে থেকেই আবুল হাসানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করে আসছিলেন।
২০২৪ সালের ৫ আগস্টের আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন আবুল হাসান। পরে তাকে এসআরবিতে বদলি করা হয়।