অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা
অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সাতক্ষীরা ৩৩ বিজিবি। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় জনবল বাড়ানোর পাশাপাশি টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন করে সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি দিনে ও রাতে সীমান্তবর্তী এলাকায় মোবাইল পেট্রোলিং পরিচালনা করা হচ্ছে, যাতে অবৈধ যাতায়াত ও অনুপ্রবেশ ঠেকানো যায়।
এ ছাড়া গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধির ওপর সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, সীমান্তের অন্ধকারাচ্ছন্ন এলাকায় সার্চলাইট ও থার্মাল ড্রোন ব্যবহার করে টহল পরিচালনা করা হচ্ছে। এ কাজে স্থানীয় জনসাধারণকেও সম্পৃক্ত করা হয়েছে।
তিনি আরও জানান, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তথ্য সংগ্রহ এবং নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সীমান্তের বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) ও ব্যাটালিয়নের সব সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।