রবিবার , ২২ নভেম্বর ২০২৬
রবিবার , ২২ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › যেকোনো চাবি দিয়ে চালু হয় পুলিশের চুরি হওয়া ভ্যান

যেকোনো চাবি দিয়ে চালু হয় পুলিশের চুরি হওয়া ভ্যান

favicon
ভোরের আলো ডেস্ক:
যেকোনো চাবি দিয়ে চালু হয় পুলিশের চুরি হওয়া ভ্যান

চট্টগ্রামের হালিশহর থানার পুলিশের টহল ভ্যান চুরির ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। পুরোনো ওই ভ্যানটি যেকোনো গাড়ির চাবি দিয়ে চালু করা যায়। এমনকি গ্রেফতার রুবেল মোটরসাইকেলের চাবি দিয়েই ভ্যানটি চালু করেছিলেন।


সরেজমিনে দেখা গেছে, মোটরসাইকেল কিংবা অন্য গাড়ির চাবি দিয়ে অনায়াসে চালু করা যায় পুলিশের ওই ভ্যানটি। একটি চাবি দিয়েই গাড়িটি স্টার্ট নেওয়া যাচ্ছে।


গত ১৮ নভেম্বর দুপুরে হালিশহরে জেলা পুলিশ লাইনসের পুনাক ক্যান্টিনের সামনে থেকে ভ্যানটি চুরি হয়। গাড়িটি চালু করতে অন্য একটি গাড়ির চাবি ব্যবহার করা হতো। ভ্যানের সঙ্গে সেই চাবিটিও চুরি হয়ে যায়।


সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার আগে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ভ্যানটির আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। ওই মোটরসাইকেলের চালক রুবেলের সঙ্গে প্রায় সাত সেকেন্ড কথা বলেন। পরে ভ্যানটি নিয়ে পুলিশের গাড়ির জন্য নির্ধারিত একটি পেট্রলপাম্প থেকে বিনামূল্যে ২৮ লিটার জ্বালানি নেন রুবেল। পথে গাড়িতে সমস্যা দেখা দিলে তিনি একটি গ্যারেজেও যান।


মামলার তদন্ত কর্মকর্তা হালিশহর থানার মোহাম্মদ মঞ্জু জানান, রুবেলকে প্রথমে ২০০ টাকা এবং পরে আরও ৫০০ টাকা দেওয়া হয়। রুবেলের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের ধারণা, কবিরের নির্দেশে ভ্যানটি চুরি করা হয়। ভ্যানটিতে আগুন দিয়ে পুলিশকে প্রশ্নবিদ্ধ করার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।


এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন ও চালক আক্তারসহ চারজনকে সাময়িক বরখাস্ত করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। উদ্ধার হওয়ার পরও ভ্যানটি হালিশহর থানার দায়িত্ব পালনে ব্যবহার করা হচ্ছে।


হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, গাড়িটি পুরোনো হওয়ায় অন্য চাবি দিয়ে সেটি চালু করা গেছে। পুলিশের কিছু পুরোনো গাড়ি পরিবর্তন করা হচ্ছে বলেও জানান তিনি।


তিনি আরও জানান, সরকারি গাড়িটি হেফাজতে রাখার দায়িত্ব ছিল সংশ্লিষ্ট সদস্যদের। তারা সেই দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় ঊর্ধ্বতন কর্মকর্তারা সাময়িক ব্যবস্থা নিয়েছেন।