মিরসরাইয়ে বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তলসহ দুইজন গ্রেফতার
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের নয়াটিলা মাজার গেট এলাকায় শান্তি পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ফেনী সদর উপজেলার ইবনে জাহিদ (৩৪) ও সোনাগাজী উপজেলার সালাহ উদ্দিন আকবর (৪৪)। তারা যাত্রীবেশে খাগড়াছড়ি থেকে বাসযোগে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্তঘেঁষা খাগড়াছড়ি-বারইয়ারহাট আঞ্চলিক সড়ক দিয়ে অস্ত্র বহনের গোপন তথ্য পেয়ে নয়াটিলা মাজার গেট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। পরে ওই চেকপোস্টে শান্তি পরিবহনের বাসটিতে তল্লাশি চালিয়ে দুইজনকে আটক করা হয়।
তাদের কাছ থেকে একটি জাপানি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অস্ত্র সরবরাহকারী চক্রের মূলহোতাদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।