রবিবার , ২২ নভেম্বর ২০২৬
রবিবার , ২২ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › ডিসেম্বর ঘিরে সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ ও বের হওয়া বন্ধে কঠোর অবস্থান বিজিবির

ডিসেম্বর ঘিরে সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ ও বের হওয়া বন্ধে কঠোর অবস্থান বিজিবির

favicon
ভোরের আলো ডেস্ক:
ডিসেম্বর ঘিরে সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ ও বের হওয়া বন্ধে কঠোর অবস্থান বিজিবির

ডিসেম্বর মাস ঘিরে সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ কিংবা দেশ থেকে বের হতে পারবে না বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।


রোববার (২২ নভেম্বর) যমুনা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।


বিজিবি মহাপরিচালক বলেন, দেশের সব সীমান্ত পাহারা দেওয়া বিজিবির দায়িত্ব। চোরাচালান এবং অবৈধ ব্যক্তিদের সীমান্ত দিয়ে যাতায়াত বন্ধ করা নিশ্চিত করতে বাহিনী কাজ করছে।


সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও বিস্ফোরক প্রবেশ ঠেকাতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।


তিনি বলেন, সরকারের নির্দেশনা বাস্তবায়ন এবং দেশ ও জাতির প্রত্যাশা পূরণে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি কাজ করছে। এ লক্ষ্যে সরেজমিনে সীমান্ত পরিস্থিতি পরিদর্শন করা হচ্ছে।


সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সহযোগিতা চেয়ে বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্ত দিয়ে কারও অবৈধভাবে আসা-যাওয়ার বিষয়ে তথ্য পাওয়া গেলে তা বিজিবিকে জানাতে হবে। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অবৈধ যাতায়াত বন্ধ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।


সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সুরক্ষাব্যবস্থা জোরদার এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে চলমান কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে বিজিবি মহাপরিচালক কুমিল্লা, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শন করেন।


সকালে তিনি কুমিল্লা সেক্টর সদর দপ্তরে গিয়ে সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, নজরদারি ও কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) দায়িত্বপূর্ণ পরশুরাম সীমান্ত এলাকা পরিদর্শন করেন।


এ সময় তিনি বিলোনিয়া আন্তর্জাতিক চেকপোস্ট ও মজুমদারহাট সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করেন। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর নিরাপত্তাব্যবস্থা, টহল কার্যক্রম ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।


পরবর্তীতে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধীন আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট ও সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করেন তিনি।


সেখানে সীমান্তে সার্বক্ষণিক নজরদারি ও টহল জোরদার, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন বিজিবি মহাপরিচালক। একই সঙ্গে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে বিশেষ নজরদারি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।