ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা
খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেছেন তিনি।
শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জেলা শহরের নয়নপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সেখানে আগুন দেওয়ার চেষ্টার আলামত ও কেরোসিনের বোতল পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, রাত সোয়া ৪টার দিকে তিনি ঘটনার খবর পান। পরে পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ ও বিষয়টি খতিয়ে দেখেন। সেখানে কেরোসিনের বোতলসহ আগুন দেওয়ার চেষ্টার বিভিন্ন আলামত পাওয়া গেছে।
ওসি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে অগ্নিসংযোগের চেষ্টার কথা জানান সাদিক কায়েম। তিনি উল্লেখ করেন, খাগড়াছড়ির ওই বাড়িতে তাঁর মা-বাবা বসবাস করেন। এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেন তিনি।
ঘটনার খবর পেয়ে জেলা জামায়াতের নেতারা সাদিক কায়েমের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের খোঁজখবর নেন। এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।