মানিকগঞ্জে জাহিদ মালেকের বাড়ির সামনে পার্ক করা বাসে আগুন
মানিকগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে পার্ক করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার গড়পাড়া ঠাটাঙ্গা এলাকায় গড়পাড়া নিউ মডেল হাই স্কুলের সামনে ভুঁইয়া পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ জানায়, বাসটির মালিক গড়পাড়া কাটাঙ্গা এলাকার আবু মোহাম্মদ জাফর। ভুঁইয়া পরিবহনের বাসটি রাজধানীর মোহাম্মদপুর থেকে আব্দুল্লাহপুর রুটে চলাচল করত। মালিক অসুস্থ থাকায় তিন-চার দিন আগে বাসটি ঢাকা থেকে মানিকগঞ্জের গড়পাড়া এলাকায় এনে পার্কিং করে রাখা হয়েছিল। শুক্রবার চিকিৎসার জন্য বাসের মালিক ঢাকায় যান।
সদর থানার ওসি মো. মনির হোসেন বলেন, পার্কিং করা বাসে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।