খাগড়াছড়িতে উদ্ধার হওয়া মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
খাগড়াছড়িতে উদ্ধার হওয়া মর্টার শেল নিষ্ক্রিয় করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (২১ নভেম্বর) সকালে জেলা সদরের খবংপুড়িয়া এলাকার চেঙ্গী নদীর পাড়ে সেনাবাহিনীর সদর জোনের ১৮ বেঙ্গলের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এটি নিষ্ক্রিয় করে।
এর আগে, শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে শহরের শালবনের পল্লীটিলা এলাকায় গর্ত খুঁড়তে গিয়ে মর্টার শেলটি পাওয়া যায়। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করেন।
সেনাবাহিনী জানায়, উদ্ধার করা মর্টার শেলটি নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। পাশাপাশি শেলটি যেখানে পাওয়া গিয়েছিল, সেই এলাকায় আরও কোনো বিস্ফোরক আছে কি না, তা নিশ্চিত করতে তল্লাশিও চালানো হয়েছে।