রবিবার , ২২ নভেম্বর ২০২৬
রবিবার , ২২ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › বিজয়নগরে বিজিবির ধাওয়ায় পালাল চোরাকারবারিরা, উদ্ধার ৪ কোটি ৬০ লাখ টাকার ডিসপ্লে

বিজয়নগরে বিজিবির ধাওয়ায় পালাল চোরাকারবারিরা, উদ্ধার ৪ কোটি ৬০ লাখ টাকার ডিসপ্লে

favicon
ভোরের আলো ডেস্ক:
বিজয়নগরে বিজিবির ধাওয়ায় পালাল চোরাকারবারিরা, উদ্ধার ৪ কোটি ৬০ লাখ টাকার ডিসপ্লে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিজিবির ধাওয়ায় পালিয়ে গেছে চোরাকারবারিদের একটি দল। এ সময় তাদের ফেলে যাওয়া কার্টন তল্লাশি করে ৫ হাজার ৭৬০টি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করেছে বিজিবি। জব্দ করা এসব ডিসপ্লের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকা।


শনিবার (২১ নভেম্বর) রাত ২টার দিকে উপজেলার কামালমোড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ডিসপ্লে জব্দ করে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।


বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ এ তথ্য জানান।


সরাইলের কালিকচ্ছ এলাকায় অবস্থিত ২৫ ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুকুন্দপুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ২০০৭/৭-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়।


এ সময় ভারতের দিক থেকে ১৫ থেকে ২০ জনের একটি দল মাথায় কার্টন নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে থাকলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে চোরাকারবারিরা কার্টন ফেলে পালিয়ে যায়।


পরে ফেলে যাওয়া কার্টনগুলো তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ভারতীয় মোবাইল ফোনের ৫ হাজার ৭৬০টি ডিসপ্লে উদ্ধার করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৪ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকা। মালামালগুলো আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


বিজিবি আরও জানায়, গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের ২১ নভেম্বর পর্যন্ত সরাইল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদকসহ প্রায় ১০৭ কোটি টাকার অন্যান্য চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। সব মিলিয়ে জব্দ করা পণ্যের মূল্য ১১২ কোটি ৩৪ লাখ ৬১ হাজার ৫৭১ টাকা। এসব ঘটনায় ২৪ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিত ও চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।