ঝিনাইদহে বিএনপি কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন, পুড়ল আসবাবপত্র
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাসিলবাগ গ্রামে বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে কার্যালয়ে থাকা টেলিভিশন, ফ্যান, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে।
এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় ছাত্রদল কর্মী শাকিল খান জানান, রাত ২টার দিকে বারবাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিএনপি কার্যালয়ে আগুন দেখতে পান এক নারী। পরে তাঁর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে মুহূর্তেই আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় কার্যালয়ে থাকা টেলিভিশন, ফ্যান, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি বলেন, বৈরী আবহাওয়ার মধ্যে সন্ত্রাসীরা উপজেলার হাসিলবাগ গ্রামের বিএনপি কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে। এতে কার্যালয়ের আসবাবপত্র পুড়ে গেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে অচিরেই কালীগঞ্জে ঐক্যবদ্ধভাবে মাঠে নামবে বিএনপি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, হাসিলবাগ গ্রামে বিএনপি কার্যালয়ে কারা আগুন দিয়েছে, তা জানতে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।