নালিতাবাড়ী সীমান্তে তিন শিশুসহ ৬ ভারতীয় নাগরিক আটক
শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে তিন শিশুসহ ছয় ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার পানিহাতা মিশনের পূর্বদিকে ফেকামারী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। পরে রাতে আটক ব্যক্তিদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়।
বিজিবি রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দুপুরে পানিহাতা ফেকামারী সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ছয় ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে তিন শিশু রয়েছে।
আটকরা হলেন আবিদ মুক্তি (২৬), আনোয়ারা (২০), তাদের সন্তান আকিব, নুরজাহান খাতুন, সাকিব হাসান শেখ (২) ও রাকিব হাসান (৮)।
তাদের সবার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার ডানকুনি থানার মনুহারপুর মল্লিকপাড়া এলাকায়।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন, তারা ২০২৪ সালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। পরে বাংলাদেশ থেকে ভারতে ফেরার চেষ্টাকালে তাদের আটক করা হয়।