রবিবার , ২২ নভেম্বর ২০২৬
রবিবার , ২২ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › টেকনাফে শতাধিক আইইডি, অস্ত্র ও ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার বিজিবির

টেকনাফে শতাধিক আইইডি, অস্ত্র ও ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার বিজিবির

favicon
ভোরের আলো ডেস্ক:
টেকনাফে শতাধিক আইইডি, অস্ত্র ও ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার বিজিবির

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে শতাধিক ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), বিস্ফোরক তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চালকসহ একটি মোটরসাইকেল ও দুটি অটোরিকশা জব্দ করা হয়েছে।


শনিবার (২১ নভেম্বর) রাতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির কক্সবাজার রামু সেক্টরের কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম।


অভিযানে উদ্ধার করা সরঞ্জামের মধ্যে রয়েছে শতাধিক আইইডি, বিস্ফোরক তৈরির বিভিন্ন উপকরণ, ইলেকট্রিক তার, উন্নতমানের টুলস বক্স, একটি বিদেশি পিস্তল ও একটি দেশীয় আগ্নেয়াস্ত্র। এছাড়া ২৫৪ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে।


সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম জানান, দেশের চলমান পরিস্থিতিতে বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র মিয়ানমার থেকে এসব বিস্ফোরক ও অস্ত্রশস্ত্র সংগ্রহ করেছিল বলে তথ্য পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।


এ ঘটনায় বিস্তারিত তথ্য জানাতে টেকনাফ বিজিবি ব্যাটালিয়নে সংবাদ সম্মেলন করা হবে বলেও জানান তিনি।