মঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › পাবনার ঈশ্বরদীতে দুই পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ অন্তত ৫ জন

পাবনার ঈশ্বরদীতে দুই পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ অন্তত ৫ জন

favicon
ভোরের আলো ডেস্ক:
পাবনার ঈশ্বরদীতে দুই পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ অন্তত ৫ জন

পাবনার ঈশ্বরদীতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।


সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।


গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন, ঈশ্বরদী উপজেলার পূর্ব টেংরি এলাকার রিপন খাঁর ছেলে মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত হোসেন, ঈদগাহ রোড এলাকার পিরু হোসেনের ছেলে রিশাদ হোসেন, শেখপাড়া এলাকার বাবলু হোসেনের ছেলে রবিউল এবং তছেরপাড়া এলাকার মহিদুল ইসলাম।


আহতদের প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


পাবনার পুলিশ সুপার (এসপি) আবু আশ্রাফ জানান, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু এবং নদীপথে আলোচিত কাকন বাহিনীর মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধসহ কয়েকজন আহত হন।


তবে স্থানীয় সূত্রের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সন্ধ্যায় মাজদিয়া এলাকায় পিন্টুর সমর্থকেরা বিক্ষোভ মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে গুলি ছোড়েন।


এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।