উৎপাদন শুরুর দুই দিনের মাথায় আবারও বন্ধ যমুনা সার কারখানা
গ্যাস সংকট কাটিয়ে দীর্ঘ আট মাস পর উৎপাদন শুরু করতে না করতেই আবারও বন্ধ হয়ে গেছে জামালপুরের যমুনা ফার্টিলাইজার কোম্পানির ইউরিয়া সার উৎপাদন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোররাতে কারখানার বয়লারে লিকেজ দেখা দিলে উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজার বিষয়টি নিশ্চিত করেছেন।
কারখানা কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় দেশের অন্যতম বৃহৎ এই সার কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। দীর্ঘ প্রায় আট মাস পর গ্যাস সংযোগ পাওয়ায় গত সোমবার রাতে কারখানাটিতে পুনরায় উৎপাদন শুরু করা হয়।
তবে উৎপাদন শুরুর পরই কারখানার বয়লারে লিকেজ দেখা দেয়। এতে বৃহস্পতিবার ভোররাতে ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়।
যমুনা ফার্টিলাইজার কোম্পানি দৈনিক ১ হাজার ৭০০ টন সার উৎপাদনের সক্ষমতা নিয়ে যাত্রা শুরু করেছিল। তবে কয়েক বছর ধরে গ্যাসের চাপ কম থাকা এবং বিভিন্ন যান্ত্রিক ত্রুটির কারণে বর্তমানে কারখানাটির দৈনিক উৎপাদন সক্ষমতা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টনে নেমে এসেছে।