বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › নোয়াখালীর সেনবাগে সুন্দলপুর-৪ কূপে মিলেছে গ্যাস

নোয়াখালীর সেনবাগে সুন্দলপুর-৪ কূপে মিলেছে গ্যাস

favicon
ভোরের আলো ডেস্ক:
নোয়াখালীর সেনবাগে সুন্দলপুর-৪ কূপে মিলেছে গ্যাস

দেশের জ্বালানি খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে নোয়াখালীর সেনবাগে। উপজেলার নবীপুর ইউনিয়নে সুন্দলপুর গ্যাসক্ষেত্রের আওতাধীন ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপে’ গ্যাসের নতুন স্তরের সন্ধান পাওয়া গেছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) খনন কার্যক্রমে এ গ্যাসের সন্ধান মেলে।


মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে নির্ধারিত গভীরতায় খনন শেষে কূপটিতে গ্যাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায় বাপেক্স।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্যাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর কূপটিতে ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) শুরু হয়েছে। প্রাথমিক কারিগরি মূল্যায়ন ও পর্যবেক্ষণের ভিত্তিতে প্রকৌশলীরা ধারণা করছেন, কূপটি থেকে প্রতিদিন জাতীয় গ্যাস গ্রিডে প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হতে পারে।


এর আগে গত ২৮ জুলাই সুন্দলপুর গ্যাসক্ষেত্রের চার নম্বর মূল্যায়ন কাম উন্নয়ন কূপে আনুষ্ঠানিকভাবে খননকাজ শুরু করে বাপেক্সের খনন দল। দুই মাসের বেশি সময় ধরে নির্ধারিত গভীরতা পর্যন্ত ড্রিলিং কার্যক্রম পরিচালনার পর কূপটিতে নতুন গ্যাসস্তরের সন্ধান পাওয়া যায়।


বর্তমানে কূপটিতে গ্যাসের চাপ, প্রবাহের স্থায়িত্ব এবং বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য মজুদের পরিমাণ নির্ধারণে পরীক্ষা-নিরীক্ষা চলছে। ডিএসটির চূড়ান্ত ফলাফল পাওয়ার পর গ্যাস উত্তোলন ও জাতীয় সঞ্চালন গ্রিডে যুক্ত করার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় সংযোগ পাইপলাইন স্থাপনের কাজ শেষ হলে কূপটির গ্যাস জাতীয় সঞ্চালন গ্রিডে যুক্ত করা সম্ভব হবে।