সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা
রাঙ্গামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানান। বিজ্ঞপ্তিতে সাজেকে অবস্থানরত পর্যটকদের আগামী ১৩ অক্টোবর মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে পর্যটন এলাকা ত্যাগ করে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে রোববার সকাল থেকে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি শুরু করে। এ সময় সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন অবরোধকারীরা। এতে যান চলাচল ব্যাহত হয় এবং সাজেকে বেড়াতে যাওয়া পর্যটকেরা আটকা পড়েন।
পরে সন্ধ্যায় প্রশাসনের সঙ্গে আলোচনার পর অবরোধ প্রত্যাহার করে নেয় সংগঠন দুটি। তবে পরিস্থিতির কারণে পর্যটনকেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণ বন্ধ থাকবে।