মঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › সন্তান হিসেবে মায়ের দায়িত্ব নিতে রাজি গ্রাম পুলিশ সাগর, চাইলেন ক্ষমা

সন্তান হিসেবে মায়ের দায়িত্ব নিতে রাজি গ্রাম পুলিশ সাগর, চাইলেন ক্ষমা

favicon
ভোরের আলো ডেস্ক:
সন্তান হিসেবে মায়ের দায়িত্ব নিতে রাজি গ্রাম পুলিশ সাগর, চাইলেন ক্ষমা

বৃদ্ধা মাকে নিজের সঙ্গে রাখতে অস্বীকৃতি জানিয়ে আলোচনায় আসা পাবনার সাঁথিয়া উপজেলার গ্রাম পুলিশ সদস্য সাগর হোসেন অবশেষে মায়ের দায়িত্ব নিতে সম্মত হয়েছেন। আদালতের নির্দেশনায় তিনি মায়ের ভরণপোষণ ও দেখাশোনার দায়িত্ব গ্রহণ করেছেন। একই সঙ্গে নিজের ভুল স্বীকার করে মায়ের কাছে ক্ষমা চেয়েছেন।


রোববার (১১ অক্টোবর) পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাঁথিয়া থানার আমলি আদালতে মা ও ছেলের বক্তব্য শোনা হয়। পরে তাঁদের মধ্যকার বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হলে সাগর হোসেন মায়ের ভরণপোষণ ও সার্বিক দেখাশোনার দায়িত্ব পালনে সম্মতি জানান।


সাগর হোসেন সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়ন পরিষদের একজন গ্রাম পুলিশ সদস্য।


এর আগে, গত ৮ অক্টোবর মায়ের ভরণপোষণ ও দায়িত্ব পালন নিয়ে সাগর হোসেনের সঙ্গে তাঁর মায়ের পারিবারিক বিরোধের শুনানি হয় সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে। ওই শুনানিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছেলেকে মায়ের প্রতি তাঁর দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বোঝান।


সে সময় সাগর হোসেন মায়ের খরচ বহন করতে পারবেন বলে জানিয়েছিলেন। তবে মাকে নিজের কাছে রাখতে অস্বীকৃতি জানান। পরবর্তী সময়ে আদালতের নির্দেশনায় তিনি মায়ের ভরণপোষণ ও দেখাশোনার দায়িত্ব নিতে রাজি হন এবং নিজের ভুলের জন্য মায়ের কাছে ক্ষমা চান।