ব্যাগ হারিয়ে বিপাকে জার্মান পর্যটক, মানবিকতার টানে ল্যাপটপ উপহার
নাটোর রেলস্টেশনে ব্যাগ হারিয়ে বিপাকে পড়া জার্মান পর্যটক ক্রিল লেন্ডার ওয়েবার পেনেইগারকে নতুন ল্যাপটপ উপহার দিয়েছেন ঢাকার জিগাতলার বাসিন্দা মুক্তি মাহমুদ। মানবিক বিবেচনা ও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার প্রত্যাশা থেকে তিনি এই উদ্যোগ নিয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ক্রিলের সঙ্গে দেখা করে তাঁকে ল্যাপটপটি উপহার দেন মুক্তি মাহমুদ। তিনি আনজুমান ডিজাইনার্স লিমিটেডের জ্যেষ্ঠ ব্যবস্থাপক হিসেবে কর্মরত।
মুক্তি মাহমুদ জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ক্রিলের ল্যাপটপ ও ক্যামেরাসহ ব্যাগ হারানোর ঘটনা জানতে পারেন। ব্যাগ হারিয়ে তরুণ এই পর্যটকের কান্নার দৃশ্য তাঁকে ব্যথিত করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাগটি উদ্ধারের চেষ্টা করছে বলেও জানতে পারেন তিনি।
মুক্তি বলেন, ক্রিলের কষ্টের কথা বিবেচনা করে তাঁকে একটি ল্যাপটপ উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন। এর মাধ্যমে একজন বিদেশি পর্যটকের পাশে দাঁড়ানোর পাশাপাশি বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা সম্ভব হবে বলে তিনি মনে করেন।
ল্যাপটপ উপহার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্রিল লেন্ডার ওয়েবার পেনেইগার।
ক্রিল জানান, বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থাপনা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে কাজ করতে তিনি এ দেশে এসেছেন। গত বুধবার (৭ অক্টোবর) বগুড়ার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে সান্তাহার থেকে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে নাটোর রেলস্টেশনে পৌঁছান তিনি। সেখান থেকে ভারতের উদ্দেশে দর্শনা স্টেশনে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর।
নাটোর রেলস্টেশনের অপেক্ষাকক্ষে অবস্থান করার সময় ২৪ থেকে ২৫ বছর বয়সী এক যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। ক্রিলের ভাষ্য অনুযায়ী, হলুদ কটি পরা ওই ব্যক্তি নিজেকে রেলওয়ের কর্মী পরিচয় দিয়ে তাঁর সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেন।
একপর্যায়ে টিকিট কাটতে যাওয়ার সময় ক্রিল সরল বিশ্বাসে নিজের ব্যাগটি ওই ব্যক্তির কাছে রেখে যান। পরে ফিরে এসে দেখেন, ব্যাগটি নিয়ে ওই ব্যক্তি সরে পড়েছেন। ব্যাগের মধ্যে তাঁর ল্যাপটপ ও ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিল।
ঘটনার পর স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় ক্রিল নাটোর সদর থানায় গিয়ে বিষয়টি জানান। ব্যাগ উদ্ধারের চেষ্টা চলার মধ্যেই তাঁর পাশে দাঁড়িয়েছেন মুক্তি মাহমুদ। এই মানবিক উদ্যোগ বিদেশি পর্যটকের প্রতি বাংলাদেশের মানুষের আন্তরিকতা ও সহমর্মিতার দৃষ্টান্ত হয়ে উঠেছে।