রাজশাহীতে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোচিং সেন্টার বন্ধের নির্দেশ
শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান চলাকালে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করতে রাজশাহী জেলার সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
সোমবার (১২ অক্টোবর) রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ অক্টোবর থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজশাহী জেলার আওতাধীন সব ধরনের একাডেমিক ও বাণিজ্যিক কোচিং সেন্টার বন্ধ রাখতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।
জেলা প্রশাসন জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান নিশ্চিত করা এবং এ সময়ে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ ও নিয়মিত তদারকির জন্য জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসন ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের অবহিত করা হয়েছে।
জেলা প্রশাসনের এ নির্দেশনার ফলে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত রাজশাহী জেলার কোচিং সেন্টারগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে তাদের কার্যক্রম বন্ধ রাখতে হবে।