বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › ফরিদপুর মেডিকেলে দুই যন্ত্র কেনায় সাড়ে ২৩ কোটি টাকা অপচয়ের অভিযোগ

ফরিদপুর মেডিকেলে দুই যন্ত্র কেনায় সাড়ে ২৩ কোটি টাকা অপচয়ের অভিযোগ

favicon
ভোরের আলো ডেস্ক:
ফরিদপুর মেডিকেলে দুই যন্ত্র কেনায় সাড়ে ২৩ কোটি টাকা অপচয়ের অভিযোগ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুটি চিকিৎসা যন্ত্র কেনায় প্রায় সাড়ে ২৩ কোটি টাকা অপচয় হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুই দিনব্যাপী অভিযান শেষে হাসপাতালটিতে চিকিৎসা সরঞ্জাম ক্রয় ও ব্যবস্থাপনায় বিভিন্ন অনিয়মের তথ্য পেয়েছে সংস্থাটি।


মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে সংবাদ সম্মেলনে দুদকের জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজ এসব তথ্য জানান। এর আগে সোমবার সকাল ১০টা থেকে হাসপাতালটিতে অভিযান শুরু হয়।


দুদক সূত্রে জানা গেছে, হাসপাতালটিতে প্রায় ৯ বছর আগে স্থাপন করা ক্যাথল্যাব এখনো চালু করা হয়নি। অন্যদিকে, লিনিয়ার এক্সেলেটর নামের আরেকটি চিকিৎসা যন্ত্র বস্তাবন্দি অবস্থায় পড়ে রয়েছে। গুরুত্বপূর্ণ এসব চিকিৎসা সরঞ্জাম ব্যবহার না হওয়ায় সরকারি অর্থের অপচয় হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।


এ ছাড়া হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম ও মালামাল ক্রয়ে (এমএসআর) অনিয়ম এবং অব্যবস্থাপনার তথ্যও পেয়েছে দুদক।


দুদক কর্মকর্তা মো. মোস্তাফিজ জানান, রোগীদের চিকিৎসাসেবা পেতে হয়রানির শিকার হওয়া, দালাল চক্রের মাধ্যমে রোগীদের বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে প্রধান কার্যালয়ের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।


হাসপাতালের চিকিৎসা যন্ত্রপাতি ব্যবহারের বর্তমান অবস্থা, কেনাকাটায় অনিয়ম এবং রোগীদের সেবাসংক্রান্ত অভিযোগগুলো খতিয়ে দেখছে দুদক। অভিযানে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।