সোমবার , ২৭ জুলাই ২০২৬
সোমবার , ২৭ জুলাই ২০২৬
হোমসারা দেশসাভারে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫

সাভারে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫

favicon
ভোরের আলো ডেস্ক:
সাভারে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫

ঢাকার সাভারের হেমায়েতপুরে একটি রঙ মিশানোর কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ফায়ার সার্ভিসের চার সদস্যসহ মোট পাঁচজন আহত হয়েছেন।


রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ডের উত্তর পাশে পদ্মার মোড় এলাকায় শহিদুল্লা হাউজিংয়ের একটি ছয়তলা ভবনে অবস্থিত কেমিক্যাল কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ১টা থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর সকাল ৭টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।


কারখানার কর্মীদের দাবি, বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।


অগ্নিকাণ্ডে আহতরা হলেন ফায়ার ফাইটার মো. শামীম, মো. উজ্জ্বল, মো. ওমর ফারুক, টিম লিডার মনোয়ার হোসেন এবং স্থানীয় বাসিন্দা মশিউর রহমান। গুরুতর আহত মশিউর রহমানকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।


সাভার ফায়ার সার্ভিসের টিম লিডার মনোয়ার হোসেন জানান, কেমিক্যাল গুদামে আগুন লাগার কারণে দাহ্য পদার্থের বিস্ফোরণ ঘটতে থাকে। এসব বিস্ফোরণের সময় চারজন ফায়ার ফাইটার আহত হন। আহতদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, তবে একজনকে হাসপাতালে ভর্তি রাখতে হয়েছে।


তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণের পর তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।