দ্বিতীয় শিফটে শিক্ষার্থী নেই, ১৫ সরকারি টেকনিক্যাল স্কুল-কলেজের কাছে ব্যাখ্যা চাইল অধিদপ্তর
দ্বিতীয় শিফটে কোনো শিক্ষার্থী না থাকায় দেশের ১৫টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষদের কাছে ব্যাখ্যা চেয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে রাষ্ট্রীয় জনবল ও সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের দায়িত্ব সম্পর্কেও বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের জারি করা এক চিঠিতে বলা হয়েছে, অনলাইনে প্রাপ্ত তথ্য অনুযায়ী উল্লিখিত ১৫টি প্রতিষ্ঠানের দ্বিতীয় শিফটে বর্তমানে কোনো শিক্ষার্থী অধ্যয়ন করছে না। এ অবস্থায় শিক্ষার্থী শূন্যতার কারণ নির্ণয় এবং সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছে অধিদপ্তর।
চিঠিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তিনটি বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে বলা হয়েছে। এগুলো হলো—দ্বিতীয় শিফটে শিক্ষার্থী ভর্তি না হওয়ার কারণ এবং সমাধানের প্রস্তাব, শিক্ষার্থী ভর্তিতে এখন পর্যন্ত গৃহীত পদক্ষেপের প্রমাণসহ বিবরণ এবং দ্বিতীয় শিফটে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা বর্তমানে কী ধরনের কাজ করছেন, তার বিস্তারিত তথ্য।
অধিদপ্তর নির্দেশ দিয়েছে, চিঠি পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় ব্যাখ্যা ও সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ জমা দিতে হবে।
যেসব প্রতিষ্ঠানের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে সেগুলো হলো—মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, বান্দরবান, পিরোজপুর, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী, বরগুনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, নওগাঁ, নাটোর এবং জয়পুরহাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ।