বৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬
বৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬
হোমশিক্ষাস্কুল-কলেজে কর্মচারী নিয়োগে ফিরল পুরোনো নিয়ম, ক্ষমতা আবার পরিচালনা পর্ষদের হাতে

স্কুল-কলেজে কর্মচারী নিয়োগে ফিরল পুরোনো নিয়ম, ক্ষমতা আবার পরিচালনা পর্ষদের হাতে

favicon
ভোরের আলো ডেস্ক:
স্কুল-কলেজে কর্মচারী নিয়োগে ফিরল পুরোনো নিয়ম, ক্ষমতা আবার পরিচালনা পর্ষদের হাতে

বেসরকারি এমপিওভুক্ত স্কুল ও কলেজে শিক্ষক ছাড়া অন্যান্য কর্মচারী নিয়োগের ক্ষমতা আবারও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের হাতে ফিরিয়ে দিয়েছে সরকার। এ লক্ষ্যে জেলা প্রশাসকের (ডিসি) নেতৃত্বে গঠিত কমিটির মাধ্যমে নিয়োগের সুপারিশের বিধান বাতিল করা হয়েছে।


মঙ্গলবার (২১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করে। এতে ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর জারি করা পরিপত্র বাতিল করে ২০২৪ সালের ১০ জানুয়ারির নির্দেশনার সংশ্লিষ্ট বিধান পুনর্বহালের কথা জানানো হয়েছে।


নতুন নির্দেশনা অনুযায়ী, এমপিওভুক্ত বেসরকারি নিম্নমাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক কলেজ এবং স্নাতক (পাস) কলেজে শিক্ষক ছাড়া অন্যান্য এমপিওভুক্ত পদে নিয়োগের দায়িত্ব আবারও পরিচালনা পর্ষদ পালন করবে।


তবে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের বিদ্যমান বিধানে কোনো পরিবর্তন আনা হয়নি।


পরিপত্রে আরও বলা হয়েছে, শিক্ষক ছাড়া অন্যান্য এমপিওভুক্ত পদে নিয়োগের ক্ষেত্রে ২০২৪ সালের নির্দেশনার বিধান কার্যকর থাকবে। এর আওতায় ট্রেড সহকারী, অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী-কাম-হিসাব সহকারী, কম্পিউটার ল্যাব অপারেটর, গবেষণা বা ল্যাব সহকারী, নিরাপত্তাকর্মী, পরিচ্ছন্নতাকর্মী, নৈশপ্রহরী, আয়া এবং অফিস সহায়ক পদে আগের নিয়মেই নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে।


উল্লেখ্য, ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর জারি করা পরিপত্রে এসব পদে নিয়োগের সুপারিশের দায়িত্ব জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত একটি কমিটির ওপর ন্যস্ত করা হয়েছিল। সর্বশেষ পরিপত্রের মাধ্যমে সেই সিদ্ধান্ত বাতিল করে পূর্বের ব্যবস্থা পুনর্বহাল করা হয়েছে।