৭ জেলার ১০০ স্কুলে শুরু হচ্ছে ‘খান একাডেমি বাংলাদেশ’ গণিত শিক্ষা কার্যক্রম
মাধ্যমিক পর্যায়ে গণিত শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশের সাতটি জেলার ১০০টি মাধ্যমিক বিদ্যালয়ে ‘খান একাডেমি বাংলাদেশ’ কার্যক্রম চালুর অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
সম্প্রতি মাউশির পরিকল্পনা ও উন্নয়ন উইং থেকে জারি করা এক স্মারকে এ তথ্য জানানো হয়। সাজেদা ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাস্তবায়িত এই প্রকল্পের কার্যক্রম ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত চলবে।
প্রথম পর্যায়ে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, চাঁদপুর, কুমিল্লা ও পঞ্চগড় জেলার নির্বাচিত মাধ্যমিক বিদ্যালয়গুলো এই কর্মসূচির আওতায় আসবে। সাজেদা ফাউন্ডেশনের আবেদনের পরিপ্রেক্ষিতে মাউশি প্রকল্পটির নীতিগত অনুমোদন প্রদান করেছে।
তবে প্রকল্প বাস্তবায়নে বেশ কিছু শর্ত আরোপ করেছে অধিদপ্তর। নির্দেশনায় বলা হয়েছে, কার্যক্রম পরিচালনার সময় জাতীয় ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থি কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না। একই সঙ্গে নিয়মিত শ্রেণি পাঠদান ব্যাহত হয়—এমন কোনো উদ্যোগও নেওয়া যাবে না।
এছাড়া জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের সহায়তায় বিদ্যালয় নির্বাচন করতে হবে এবং চূড়ান্ত তালিকার জন্য মাউশির অনুমোদন নিতে হবে। প্রকল্পের অগ্রগতি সম্পর্কে প্রতি তিন মাস অন্তর এবং বছর শেষে বিস্তারিত প্রতিবেদন অধিদপ্তরে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
মাউশি জানিয়েছে, প্রয়োজন হলে যেকোনো সময় প্রকল্পের অনুমোদন বাতিল করার ক্ষমতা তাদের সংরক্ষিত থাকবে। পাশাপাশি পুরো কার্যক্রমে সরকারের স্বাস্থ্য ও নিরাপত্তা-সংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।