সোমবার , ০৯ নভেম্বর ২০২৬
সোমবার , ০৯ নভেম্বর ২০২৬
হোম › শিক্ষা › বিদেশে পড়াশোনার খরচ পাঠাতে লাগবে না বাংলাদেশ ব্যাংকের অনুমতি

বিদেশে পড়াশোনার খরচ পাঠাতে লাগবে না বাংলাদেশ ব্যাংকের অনুমতি

favicon
ভোরের আলো ডেস্ক:
বিদেশে পড়াশোনার খরচ পাঠাতে লাগবে না বাংলাদেশ ব্যাংকের অনুমতি

বিদেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনার খরচ পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতির বাধ্যবাধকতা তুলে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি বিদেশে চিকিৎসার ব্যয় মেটাতে অনুমতি ছাড়াই বৈদেশিক মুদ্রা পাঠানোর সীমা ১৫ হাজার থেকে বাড়িয়ে ৩০ হাজার মার্কিন ডলার করা হয়েছে।


সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-২ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এর মাধ্যমে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর মাধ্যমে বিদেশে অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজ করা হয়েছে।


নতুন নির্দেশনা অনুযায়ী, বিদেশে চিকিৎসার জন্য একজন গ্রাহকের অনুকূলে এখন থেকে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে অনুমোদিত ডিলার ব্যাংকগুলো। আগে এ সীমা ছিল ১৫ হাজার ডলার।


এ ছাড়া বিদেশে স্কুল পর্যায়ে পড়াশোনার ব্যয় নির্বাহের জন্য অর্থ পাঠানোর ক্ষেত্রেও নিয়ম শিথিল করা হয়েছে। এখন থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা সমমানের শিক্ষার খরচ বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই ব্যাংকের মাধ্যমে পাঠানো যাবে। তবে সংশ্লিষ্ট দেশে অবৈতনিক শিক্ষার সুযোগ রয়েছে কি না, তা যাচাই করতে হবে ব্যাংকগুলোকে।


পেশাদার ও সনদভিত্তিক কোর্সের পাশাপাশি চিঠিপত্রের মাধ্যমে এবং দূরশিক্ষণ পদ্ধতিতে নিয়মিত একাডেমিক পড়াশোনার খরচ পাঠানোর ক্ষেত্রেও অনুমোদন প্রক্রিয়া সহজ করা হয়েছে। এসব খাতে এখন থেকে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই বৈদেশিক মুদ্রা পাঠানো যাবে।


অন্যদিকে, বিদেশ থেকে দেশে ফেরার সময় আবাসিক বাংলাদেশিরা সঙ্গে আনা বৈদেশিক মুদ্রা নির্ধারিত নিয়মে ঘোষণা দিয়ে রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাবে জমা রাখতে পারবেন।


এ জন্য বিমানবন্দর বা অন্যান্য প্রবেশপথে কাস্টমস কর্তৃপক্ষের নির্ধারিত ফরম এফএমজে পূরণ করে বৈদেশিক মুদ্রার ঘোষণা দিতে হবে। ব্যক্তিগত ভ্রমণ, চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য অনুমোদিত খাত থেকে আনা বৈদেশিক মুদ্রার ক্ষেত্রেও এ সুবিধা প্রযোজ্য হবে।


বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নির্দেশনায় নির্দিষ্ট কিছু ক্ষেত্রে অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজ করা হলেও বৈদেশিক মুদ্রা লেনদেনের অন্যান্য বিদ্যমান বিধিবিধান ও নির্দেশনা আগের মতোই বহাল থাকবে।


নতুন এই সিদ্ধান্তের ফলে বিদেশে শিক্ষাগ্রহণ ও চিকিৎসার জন্য অর্থ পাঠাতে গ্রাহকদের প্রশাসনিক জটিলতা কমবে বলে আশা করা হচ্ছে।