এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল, শেষ সময় রোববার দুপুর ১২টা
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময়সীমা বাড়িয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারবেন।
শনিবার (৭ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনলাইনে কারিগরি ত্রুটির কারণে নির্ধারিত সময়ে অনেক শিক্ষার্থী আবেদন করতে না পারায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন প্রক্রিয়া শনিবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত কারিগরি সমস্যার কারণে ব্যাহত হয়। এতে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দিতে পারেননি।
এ পরিস্থিতি বিবেচনায় আবেদনের শেষ সময় ৭ নভেম্বর রাত ১২টার পরিবর্তে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, গত ১ নভেম্বর থেকে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়। নির্ধারিত সময়ের মধ্যে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। তাঁদের অনেকে একাধিক বিষয় ও পত্রের জন্য আবেদন করায় মোট আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি।
বিশেষ দ্রষ্টব্য: কারিগরি সমস্যার কারণে যারা আবেদন করতে পারেননি, তাঁদের জন্য বর্ধিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার সুযোগ রয়েছে।