এইচএসসিতে এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২ ডিসেম্বর এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ফল প্রকাশ করা হবে ২৩ ডিসেম্বর। এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে রাজধানীর ডেমরায় সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন এবং স্মার্ট শ্রেণিকক্ষ উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, এবারের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে কোনো ধরনের ভুল বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষকদের শাস্তির আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর ও আনন্দময় শিক্ষাব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী শিক্ষার সঙ্গে খেলাধুলা ও সংস্কৃতিকে যুক্ত করেছেন। এ লক্ষ্যে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কার্যক্রম চালু করা হয়েছে।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানান, চীনের সহযোগিতায় কক্সবাজারসহ দেশের আট বিভাগে মোট নয়টি কারিগরি স্কুল নির্মাণ করবে সরকার।
এ সময় উপস্থিত ছিলেন চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হাইশিং। তিনি বলেন, বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে দুই দেশ একসঙ্গে কাজ করছে।
এ ছাড়া দুই দেশের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের চীন সফরের আমন্ত্রণ জানান তিনি।