এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষা ২ ডিসেম্বর
এইচএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের জন্য আগামী ২ ডিসেম্বর থেকে সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। এ পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ ডিসেম্বর।
শনিবার (৩১ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ চলবে আগামী ৩ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত। এর আগে ৫ থেকে ২০ নভেম্বরের মধ্যে প্রশ্নপত্র প্রণয়নের কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
তবে বিদ্যমান বিধিমালায় এ ধরনের পরীক্ষা গ্রহণের সুযোগ না থাকায় সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের লিখিত নির্দেশনা প্রয়োজন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
**পুনর্নিরীক্ষণের আবেদন শুরু ১ নভেম্বর**
এদিকে, এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১ নভেম্বর। আবেদন করা যাবে ৭ নভেম্বর পর্যন্ত, নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে।
কর্মপরিকল্পনা অনুযায়ী, ৮ নভেম্বর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কাছ থেকে আবেদনসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে। পরদিন ৯ নভেম্বর কম্পিউটার সেল থেকে উত্তরপত্রের তথ্যসংবলিত তালিকা ও বিষয়ভিত্তিক তালিকা পাঠানো হবে।
পুনর্মূল্যায়নের জন্য পরীক্ষক নিয়োগ এবং প্রধান পরীক্ষকদের কাছ থেকে উত্তরপত্র সংগ্রহের কার্যক্রম চলবে ২২ নভেম্বর পর্যন্ত। এ ছাড়া ১৩ থেকে ১৯ নভেম্বরের মধ্যে পরীক্ষকদের ব্রিফিং ও পুনর্মূল্যায়নের কাজ পরিচালনার পরিকল্পনা রয়েছে।
কর্মপরিকল্পনায় পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ নভেম্বর।
তবে সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজনের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের লিখিত নির্দেশনার ওপর নির্ভরশীল। ফলে পরীক্ষার্থীদের চূড়ান্ত সময়সূচি ও পরবর্তী নির্দেশনার জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।