গ্রাম থেকে ঢাকা, স্কুলে ভর্তির ফি নির্ধারণ করল সরকার
আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তির জন্য এলাকাভিত্তিক সর্বোচ্চ ফি নির্ধারণ করেছে সরকার। নতুন নীতিমালা অনুযায়ী, মফস্বল এলাকায় সেশন চার্জসহ ভর্তি ফি সর্বোচ্চ ৫০০ টাকা এবং ঢাকা মহানগরীর ইংরেজি সংস্করণের শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বোচ্চ ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রকাশিত ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’-এ এ নির্দেশনা দেওয়া হয়।
নীতিমালা অনুযায়ী, মফস্বল এলাকায় ভর্তি ফি সর্বোচ্চ ৫০০ টাকা, উপজেলা পৌর এলাকায় ১ হাজার টাকা এবং জেলা সদর পৌর এলাকায় ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ঢাকা মহানগরী ছাড়া অন্যান্য মহানগর এলাকায় সর্বোচ্চ ৩ হাজার টাকা ভর্তি ফি নেওয়া যাবে।
ঢাকা মহানগরীর এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ফি সর্বোচ্চ ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আংশিক এমপিওভুক্ত ও এমপিওবিহীন প্রতিষ্ঠানে উন্নয়ন এবং শিক্ষকদের বেতন-ভাতা বাবদ সর্বোচ্চ ৮ হাজার টাকা নেওয়া যাবে।
অন্যদিকে, ঢাকা মহানগরীর ইংরেজি সংস্করণের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে উন্নয়ন খাতে কোনোভাবেই ৩ হাজার টাকার বেশি নেওয়া যাবে না।
থাকছে না পুনঃভর্তি ফি
নতুন নীতিমালায় একই প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে পুনঃভর্তি ফি আদায় নিষিদ্ধ করা হয়েছে। বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একই প্রতিষ্ঠানে পরবর্তী শ্রেণিতে উঠলে শিক্ষার্থীদের কাছ থেকে শুধু বার্ষিক সেশন চার্জ নেওয়া যাবে।
অতিরিক্ত ফি আদায় করলে ব্যবস্থা
সরকার নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় করলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অনিয়মের প্রমাণ পাওয়া গেলে প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষা সংশ্লিষ্টদের মতে, নতুন নীতিমালা যথাযথভাবে বাস্তবায়িত হলে ভর্তি মৌসুমে অভিভাবকদের অতিরিক্ত আর্থিক চাপ কমবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফি আদায়ের ক্ষেত্রেও স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে।