ডিসেম্বরে টানা ১৮ দিনের ছুটি পাচ্ছেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা
চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। তবে প্রতিষ্ঠান ও শিক্ষার স্তরভেদে ছুটির মেয়াদে রয়েছে পার্থক্য। নির্ধারিত সূচি অনুযায়ী, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে টানা ১২ দিন, মাদ্রাসায় ১৫ দিন এবং কলেজে ১৮ দিন ছুটি মিলবে।
শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকা পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
প্রাথমিক বিদ্যালয়ে ১২ দিনের ছুটি
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বর্ষপঞ্জি অনুযায়ী, আগামী ২০ ডিসেম্বর থেকে প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন অবকাশ শুরু হবে। ছুটি শেষ হবে ২৯ ডিসেম্বর মঙ্গলবার।
২০ ডিসেম্বরের আগে ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। এ ছাড়া ২৫ ডিসেম্বর যিশুখ্রিষ্টের জন্মদিন বা বড়দিন উপলক্ষে ছুটি থাকবে। সব মিলিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১২ দিনের ছুটি উপভোগ করবেন।
মাধ্যমিক বিদ্যালয়েও টানা ১২ দিন
শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা অনুযায়ী, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়েও ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ নির্ধারণ করা হয়েছে।
এর আগে ১৮ ও ১৯ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি এবং ছুটির মধ্যে ২৫ ডিসেম্বর বড়দিন থাকায় শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১২ দিন অবকাশ পাবেন।
কলেজে ১৮ দিনের ছুটি
সরকারি ও বেসরকারি কলেজের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, আগামী ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ থাকবে।
এর আগে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ছুটি রয়েছে। ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার হওয়ায় পরবর্তী ১ ও ২ জানুয়ারি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলবে। সব মিলিয়ে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১৮ দিনের ছুটি পাবেন।
মাদ্রাসায় ছুটি ১৫ দিন
সরকারি ও বেসরকারি স্বতন্ত্র এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসার ছুটির তালিকা অনুযায়ী, আগামী ১৩ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ নির্ধারণ করা হয়েছে।
এর আগে ও পরে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মাদ্রাসাগুলোতে মোট ১৫ দিন ছুটি থাকবে।
এদিকে ২০২৬ সালের ছুটির তালিকায় প্রতিষ্ঠানপ্রধানের হাতে সংরক্ষিত দুই দিনের ছুটিও রয়েছে। কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এই ছুটি শীতকালীন অবকাশের সঙ্গে যুক্ত করলে শিক্ষক-শিক্ষার্থীরা আরও দুই দিন বেশি ছুটি পেতে পারেন।
২০২৭ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে ৭০ দিনের ছুটির প্রস্তাব
এদিকে ২০২৭ শিক্ষাবর্ষের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির একটি খসড়া তালিকা তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাবিত তালিকা অনুযায়ী, আগামী বছর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মোট ৭০ দিন ছুটি থাকতে পারে।
খসড়ায় পবিত্র রমজান ও ঈদুল ফিতরসহ বিভিন্ন উপলক্ষে ২৪ দিন, ঈদুল আজহায় ১০ দিন এবং শীতকালীন অবকাশে ১১ দিন ছুটির প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া দুর্গাপূজা উপলক্ষে তিন দিন এবং প্রতিষ্ঠানপ্রধানের সংরক্ষিত ছুটি হিসেবে আরও দুই দিন রাখার প্রস্তাব রয়েছে।
তবে ২০২৭ শিক্ষাবর্ষের ছুটির তালিকাটি এখনো খসড়া পর্যায়ে রয়েছে। তাই প্রস্তাবিত ছুটির দিনসংখ্যা ও সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।