রবিবার , ২২ নভেম্বর ২০২৬
রবিবার , ২২ নভেম্বর ২০২৬
হোম › শিক্ষা › ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ, দুই শিক্ষার্থী কারাগারে

ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ, দুই শিক্ষার্থী কারাগারে

favicon
ভোরের আলো ডেস্ক:
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ, দুই শিক্ষার্থী কারাগারে

ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় প্রতিষ্ঠানটির দুই শিক্ষার্থীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই ঘটনায় গ্রেপ্তার অপর এক শিক্ষার্থী শিশু হওয়ায় তাকে গাজীপুর কিশোর উন্নয়নকেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।


রোববার (২২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এ আদেশ দেন।


কারাগারে পাঠানো দুই শিক্ষার্থী হলেন আপেল মাহমুদ ও রায়হান আহমেদ নাহি।


গ্রেপ্তারের পর তিন শিক্ষার্থীকে আদালতে হাজির করা হয়। এ সময় দুই আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ সারওয়ার জাহান মেহেদী। অপর শিক্ষার্থী শিশু হওয়ায় তাকে কিশোর উন্নয়নকেন্দ্রে পাঠানোর আবেদন করা হয়। আদালত আবেদন মঞ্জুর করে দুই শিক্ষার্থীকে কারাগারে এবং শিশুটিকে কিশোর উন্নয়নকেন্দ্রে পাঠানোর আদেশ দেন।


মামলার বিবরণ অনুযায়ী, গত ২১ নভেম্বর রাত ১২টা ৫ মিনিটের দিকে ঢাকা কলেজের বিজয়-২৪ হল ও নর্থ হলের মাঝামাঝি এলাকায় বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে হলের শিক্ষার্থীরা বের হয়ে ঘটনাস্থলে যান।


পরে কলেজের সাধারণ শিক্ষার্থীরা তিনজনকে আটক করে মারধর করেন এবং প্রশাসনিক ভবনের সামনে নিয়ে যান। খবর পেয়ে নিউমার্কেট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত শিক্ষার্থীদের হাত থেকে তাদের উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।


এ ঘটনায় ঢাকা কলেজের প্রধান সহকারী মো. আবু জায়েদ বাদী হয়ে নিউমার্কেট থানায় মামলা করেন।


মামলার অভিযোগে বলা হয়, অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনের সঙ্গে যোগসাজশে আসামিরা কলেজ ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেন। শিক্ষার্থীদের জীবন ও হলের সম্পত্তির ক্ষতিসাধনের উদ্দেশ্যে ককটেলজাতীয় বিস্ফোরক বিস্ফোরণ ঘটিয়ে ভয়ভীতি প্রদর্শন ও ক্ষতিসাধনের চেষ্টা করা হয়।