‘শিক্ষা ব্যবস্থায় অনিয়মের আর সুযোগ নেই’: শিক্ষামন্ত্রী
দেশের শিক্ষা ব্যবস্থায় অনিয়ম ও অপকর্মের আর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রোববার (১২ জুলাই) প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, চলতি বছর বিভিন্ন কারণে অনেক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি। তবে আগামী বছর এ পরিস্থিতির উন্নতি হবে এবং পরীক্ষায় অংশগ্রহণের হার বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, বৃত্তি শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অথচ অতীতে অজ্ঞাত কারণে বৃত্তি পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছিল। বর্তমান সরকার সেই কার্যক্রম পুনরায় চালু করেছে এবং ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীকে বৃত্তির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, মেধা বিকাশ এবং সুশিক্ষা অর্জনের প্রতি গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য আরও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।