১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষা নিয়ে প্রস্তুত শিক্ষা বোর্ড
দেশের ১৬ জেলায় সম্ভাব্য বন্যার আশঙ্কার মধ্যে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে আন্ত শিক্ষা বোর্ড। বোর্ড জানিয়েছে, কোনো এলাকায় বন্যা বা দুর্যোগপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পরীক্ষা বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
মঙ্গলবার (৭ জুলাই) আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান।
তিনি বলেন, ১৬ জেলায় বন্যার পূর্বাভাসের বিষয়টি শিক্ষা বোর্ডের জানা রয়েছে। কোনো জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হলে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হবে। পরীক্ষার্থী ও অভিভাবকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে।
আন্ত শিক্ষা বোর্ড জানিয়েছে, প্রয়োজনে পরীক্ষার্থীদের কেন্দ্রের নিকটবর্তী নিরাপদ স্থানে এনে পরীক্ষা নেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী তাৎক্ষণিক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর ও নোয়াখালীর নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।
এ ছাড়া সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার কিছু নিম্নাঞ্চলেও স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে, যার ফলে নীলফামারী ও লালমনিরহাট জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
উল্লেখ্য, গত ২ জুলাই থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এবার সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।