মিড-ডে মিলের অনিয়ম কমাতে শিক্ষার্থীদের কুপন দেওয়ার পরিকল্পনা
প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিল কর্মসূচিতে অনিয়ম ও দুর্নীতি কমাতে কুপন পদ্ধতি চালুর চিন্তা করছে সরকার। এ পদ্ধতিতে প্রতিটি শিক্ষার্থীকে ৩৮ টাকা ৫০ পয়সার কুপন দেওয়া হবে। সেই কুপন ব্যবহার করে স্থানীয় পর্যায়ে তালিকাভুক্ত খাদ্য ব্যবসায়ীদের কাছ থেকে পছন্দ অনুযায়ী খাবার কিনতে পারবে শিক্ষার্থীরা।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ পরিকল্পনার কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, স্থানীয় উদ্যোক্তাদের এ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত করা হবে। এ জন্য ব্যবসায়ীদের সক্ষমতা অনুযায়ী তালিকাভুক্ত করা হবে। কোনো শিক্ষার্থী তালিকাভুক্ত দোকান বা ব্যবসায়ীর কাছে পছন্দের খাবার না পেলে সেখান থেকে খাবার কিনবে না।
তিনি আরও বলেন, খাবার না কিনলে কুপনের অর্থ শিক্ষার্থীর কাছেই থাকবে। তবে কুপন পদ্ধতি চালুর পরিকল্পনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ বিষয়ে আরও আলোচনা ও পর্যালোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।
অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যের বই নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, পাঁচটি ধাপে বইয়ের মান যাচাই করা হচ্ছে। কাগজের মানসহ বিভিন্ন ক্ষেত্রে নির্ধারিত মান পূরণ না হলে বই বাতিল করা হচ্ছে।
শিক্ষামন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত নিম্নমানের ৩০ লাখ বই বাতিল করে বিনষ্ট করা হয়েছে। এরপরও কেউ নিম্নমানের বই সরবরাহের চেষ্টা করছে বলে জানান তিনি।
তিনি বলেন, শেষ পর্যন্ত কোনো বই শিক্ষার্থীদের হাতে পৌঁছালেও পরে সেটির মান খারাপ প্রমাণিত হলে সংশ্লিষ্ট মুদ্রণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে মন্ত্রণালয়।