জাতীয় বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত ফি নেওয়া বন্ধের নির্দেশ শিক্ষামন্ত্রীর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থীদের ওপর বাড়তি আর্থিক চাপ কমাতে ফি কমানোর নির্দেশ দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নিয়ে বিশ্ববিদ্যালয়কে আয় করার মাধ্যম হিসেবে ব্যবহার করা যাবে না। শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে অযথা ফি আদায় বন্ধ করতে হবে।
তিনি বলেন, শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব পরিবর্তনের মাধ্যমে দেশের শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে চায় সরকার। একই সঙ্গে শিক্ষাব্যবস্থার সংস্কারের মাধ্যমে দেশের বেকারত্ব সমস্যা সমাধানেও কাজ করা হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, দেশের বর্তমান শিক্ষাব্যবস্থার অবস্থা অত্যন্ত খারাপ। সরকারের সাত মাসের সময়ে সবকিছু পরিবর্তন করা সম্ভব না হলেও এ বিষয়ে চেষ্টার কোনো কমতি নেই।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৩৭টি কলেজের ৫৭ জন শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হয়।