বিদেশে উচ্চশিক্ষা শেষে দেশে ফিরতে শিক্ষার্থীদের আহ্বান শিক্ষামন্ত্রীর
উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়ে অনেক শিক্ষার্থী আর দেশে ফিরে আসেন না। বাংলাদেশকে আন্তর্জাতিক এডুকেশন হাব হিসেবে গড়ে তুলতে এসব মেধাবী শিক্ষার্থীর প্রয়োজন রয়েছে উল্লেখ করে তাদের দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে তৃতীয় ঢাকা-চায়না ডে ২০২৬ উদযাপন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
শিক্ষামন্ত্রী বলেন, উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাওয়া শিক্ষার্থীদের একটি অংশ পড়াশোনা শেষে আর দেশে ফিরে আসেন না। বিদেশে অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের শিক্ষা, গবেষণা ও উন্নয়নে কাজে লাগাতে এসব মেধাবীকে দেশে ফিরিয়ে আনার প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, বাংলাদেশকে এডুকেশন হাব হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। এ লক্ষ্য অর্জনে দেশের মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করা শিক্ষার্থীদের দেশে ফিরে এসে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
বাংলাদেশ-চীন শিক্ষা সহযোগিতা প্রসঙ্গে আ ন ম এহছানুল হক মিলন বলেন, কারিগরি শিক্ষায় চীনের অগ্রগতি বিশ্বের জন্য একটি মডেল। এ ক্ষেত্রে চীন বাংলাদেশকে সহযোগিতা করছে। দুই দেশের মধ্যে শিক্ষাক্ষেত্রে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ও আরও সমৃদ্ধ হচ্ছে।
চীনের সহযোগিতায় বাংলাদেশে কয়েকটি রেপ্লিকা পলিটেকনিক ইনস্টিটিউট এবং একটি মেরিটাইম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগের কথাও অনুষ্ঠানে তুলে ধরা হয়।
শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ ও চীনের পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত ও সুদৃঢ় হবে। একই সঙ্গে চীনের জাতীয় দিবস উপলক্ষে দেশটির সরকার ও জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।