স্বাধীনতা পুরস্কার-২০২৭-এর জন্য মনোনয়ন আহ্বান
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সরকার নির্ধারিত ১৩টি ক্ষেত্রে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৭’-এর মনোনয়ন প্রস্তাব আহ্বান করা হয়েছে। ব্যক্তি, প্রতিষ্ঠান, গোষ্ঠী ও সংস্থার গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হবে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিটি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসাবিদ্যা, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, পল্লি উন্নয়ন, সমাজসেবা বা জনসেবা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, জনপ্রশাসন, গবেষণা ও প্রশিক্ষণ এবং সরকার নির্ধারিত অন্য যেকোনো ক্ষেত্রসহ মোট ১৩টি ক্ষেত্রে মনোনয়ন প্রস্তাব করা যাবে।
‘স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত নির্দেশাবলি’ অনুসরণ করে নির্ধারিত ছকে সংশ্লিষ্ট কাগজপত্রসহ মনোনয়ন প্রস্তাব পাঠাতে হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানে কর্মরতদের মনোনয়ন প্রস্তাবের ৩০ সেট আগামী ১ নভেম্বরের মধ্যে সমন্বয় শাখায় পাঠাতে বলা হয়েছে।
মনোনয়ন প্রস্তাবের হার্ডকপি ও সফটকপি নিকষ ফন্টে পাঠাতে হবে। সফটকপি ই-মেইল অথবা ডি-নথির মাধ্যমে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও নির্ধারিত ছক মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।