বুধবার , ১৫ জুলাই ২০২৬
বুধবার , ১৫ জুলাই ২০২৬
হোমশিক্ষাসংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ, ‘কেউ আহত হয়ে থাকলে আমি দুঃখিত’

সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ, ‘কেউ আহত হয়ে থাকলে আমি দুঃখিত’

favicon
ভোরের আলো ডেস্ক:
সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ, ‘কেউ আহত হয়ে থাকলে আমি দুঃখিত’

জাতীয় সংসদে নিজের সাম্প্রতিক মন্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, তার বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত ছিল না, তবে কেউ যদি এতে কষ্ট পেয়ে থাকেন, সে জন্য তিনি দুঃখ প্রকাশ করছেন।


মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে শিক্ষামন্ত্রী এ মন্তব্য করেন।


মন্ত্রী বলেন, *“আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন। আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে কিছু বলিনি। তারপরও কেউ যদি আহত হয়ে থাকেন, আমি দুঃখ প্রকাশ করছি।”*


এর আগে মঙ্গলবার বিকেলে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে তিন দফা দাবি ঘোষণা করা হয়। সিটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং তার বিতর্কিত বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান।


শিক্ষার্থীদের দাবির মধ্যে আরও ছিল, বৈরী আবহাওয়ার মধ্যে ১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা পুনরায় নেওয়া, যারা সেদিন পরীক্ষায় অংশ নিতে পারেননি তাদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা, পরবর্তী দিনের পরীক্ষা স্থগিত করে নতুন রুটিন প্রকাশ এবং প্রশ্নপত্রের মান শিক্ষার্থীবান্ধব করা।


বিকেল সোয়া ৫টার দিকে সায়েন্সল্যাব থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের উদ্দেশে রওনা দেন। সন্ধ্যা ৬টার দিকে তারা সংসদ ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেন।


এদিকে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির কারণে সায়েন্সল্যাব ও মিরপুর সড়ক এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং আশপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।