সকাল নয়টার মধ্যে অফিসে উপস্থিত না হলে শাস্তির সতর্কতা
প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে। নির্দেশনা অনুযায়ী, কর্মদিবসে সকাল নয়টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত না হলে এবং অন্যান্য নিয়ম ভঙ্গ করলে বিধি অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে।
বোর্ডের জারি করা অফিস আদেশে জানানো হয়েছে, সব কর্মকর্তা ও কর্মচারীকে নির্ধারিত সময়ের মধ্যে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে এবং অফিস সময় শেষ হওয়ার আগে অনুমতি ছাড়া দপ্তর ত্যাগ করা যাবে না।
অফিস চলাকালে জরুরি বা দাপ্তরিক প্রয়োজনে বাইরে যেতে হলে সংশ্লিষ্ট বিভাগের প্রধানের অনুমতি নিতে হবে এবং নির্ধারিত পদ্ধতিতে উপস্থিতি নিবন্ধন সম্পন্ন করে অফিস ত্যাগ করতে হবে।
এ ছাড়া আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি বা অন্য যেকোনো ছুটির দিনে কর্মস্থল ত্যাগের আগে কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, চলমান আলিম পরীক্ষা উপলক্ষে পৃথক নির্দেশনাও জারি করেছে শিক্ষা বোর্ড। পরীক্ষার দিনগুলোতে সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে সকাল সাড়ে আটটার মধ্যে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে।
পরীক্ষাকালীন প্রতি শনিবার পরীক্ষা শাখা, তথ্যপ্রযুক্তি শাখা, কম্পিউটার শাখা, প্রশাসন শাখা এবং পরীক্ষা-সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীর নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
বোর্ড জানিয়েছে, বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা, নির্ধারিত সময়ের পরে অফিসে আসা কিংবা অনুমতি ছাড়া দপ্তর ত্যাগ করলে সরকারি বিধিমালা অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।