সোমবার , ২৭ জুলাই ২০২৬
সোমবার , ২৭ জুলাই ২০২৬
হোমশিক্ষাএইচএসসির রসায়ন প্রশ্নে ভুলের অভিযোগ নাকচ, মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ

এইচএসসির রসায়ন প্রশ্নে ভুলের অভিযোগ নাকচ, মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ

favicon
ভোরের আলো ডেস্ক:
এইচএসসির রসায়ন প্রশ্নে ভুলের অভিযোগ নাকচ, মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ

এইচএসসি ও সমমানের রসায়ন দ্বিতীয় পত্রের পরীক্ষার প্রশ্নে ভুল থাকার অভিযোগ নাকচ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। একই সঙ্গে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করেছে বোর্ড।


রোববার (২৬ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রশ্নপত্রে কোনো ধরনের ভুল নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে যে বিভ্রান্তি ছড়ানো হয়েছে, তার বাস্তব কোনো ভিত্তি নেই বলেও দাবি করেন তারা।


বোর্ডের প্রকাশিত নির্দেশিকায় প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর, নম্বর বণ্টন এবং মূল্যায়নের পদ্ধতি বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, পরীক্ষার্থী কোনো প্রশ্নের আংশিক সঠিক উত্তর দিলে আংশিক নম্বর পাবেন। তবে ভুল বা অপ্রাসঙ্গিক উত্তর দিলে কোনো নম্বর দেওয়া হবে না।


কর্মকর্তারা জানান, কোনো বিক্রিয়ার অর্ধসমীকরণ সঠিকভাবে সম্পন্ন করা, সঠিক রাসায়নিক সূত্র লেখা কিংবা নির্দিষ্ট ধারণার যথাযথ ব্যাখ্যা দিতে পারলে পরীক্ষার্থীরা আংশিক নম্বর পাওয়ার সুযোগ পাবেন। এছাড়া প্রতিটি সৃজনশীল প্রশ্নের ‘ঘ’ অংশে উচ্চতর দক্ষতা মূল্যায়নের জন্য ৪ নম্বর বরাদ্দ রাখা হয়েছে, যেখানে গাণিতিক বিশ্লেষণের পাশাপাশি যৌক্তিক ব্যাখ্যাও উপস্থাপন করতে হবে।


উল্লেখ্য, গত বুধবার অনুষ্ঠিত এইচএসসির রসায়ন দ্বিতীয় পত্রের পরীক্ষা শেষে কয়েকটি প্রশ্নে ভুল থাকার অভিযোগ ওঠে। পরীক্ষার্থীদের একটি অংশ দাবি করে, ১, ৫, ৬ ও ৮ নম্বর উদ্দীপকে অসঙ্গতি থাকায় তারা বিভ্রান্তির মধ্যে পড়েছেন।


তবে শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের ভাষ্য, প্রশ্নপত্রে কোনো ত্রুটি ছিল না। তাদের দাবি, কিছু কোচিং সেন্টারের মালিক সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে অযথা বিভ্রান্তি সৃষ্টি করছেন।