মঙ্গলবার , ০৪ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ০৪ আগস্ট ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাগ্যাস-বিদ্যুৎ সংকটে পোশাক কারখানা বন্ধের খবর ভিত্তিহীন: বিজিএমইএ

গ্যাস-বিদ্যুৎ সংকটে পোশাক কারখানা বন্ধের খবর ভিত্তিহীন: বিজিএমইএ

favicon
ভোরের আলো ডেস্ক:
গ্যাস-বিদ্যুৎ সংকটে পোশাক কারখানা বন্ধের খবর ভিত্তিহীন: বিজিএমইএ

বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে ডিবিএল গ্রুপসহ একাধিক তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে—এমন প্রচারিত খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।


সংগঠনটি জানিয়েছে, সম্প্রতি কিছু গণমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এসব তথ্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং তা দেশের তৈরি পোশাক শিল্প সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি করছে।


বিজিএমইএর ভাষ্য অনুযায়ী, গ্যাস ও বিদ্যুতের সরবরাহে চ্যালেঞ্জ থাকলেও সরকারের সহযোগিতায় সদস্যভুক্ত কারখানাগুলো উৎপাদন কার্যক্রম সচল রাখতে কাজ করছে। বর্তমানে অধিকাংশ কারখানায় প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ উৎপাদন অব্যাহত রয়েছে।


সংগঠনটি আরও জানায়, আগামী ৫ আগস্টের সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির সঙ্গে সমন্বয় করে অনেক কারখানা বৃহস্পতিবার ছুটি দিচ্ছে। পরবর্তীতে শ্রম আইন ও প্রচলিত বিধি অনুযায়ী এ সময়ের কর্মঘণ্টা সমন্বয় করা হবে। তাদের মতে, গ্যাস সংকটের সময়ে এ ধরনের সমন্বয় শিল্প খাতে একটি স্বাভাবিক ও নিয়মিত প্রক্রিয়া এবং এর সঙ্গে কারখানা স্থায়ীভাবে বন্ধ হওয়ার কোনো সম্পর্ক নেই।


বিজিএমইএ আরও বলেছে, যথাযথ যাচাই-বাছাই ছাড়া কারখানা বন্ধের মতো স্পর্শকাতর সংবাদ প্রকাশিত হলে দেশি-বিদেশি ক্রেতা, ব্র্যান্ড ও ব্যবসায়িক অংশীদারদের মধ্যে অপ্রয়োজনীয় উদ্বেগ তৈরি হতে পারে। এতে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের আন্তর্জাতিক সুনাম ও বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।