ভারত থেকে আমদানির প্রভাবে কমতে শুরু করেছে কাঁচা মরিচের দাম
ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হওয়ায় দেশের বাজারে দাম কমতে শুরু করেছে। সরবরাহ বাড়ার ফলে রাজধানীসহ বিভিন্ন এলাকায় খুচরা বাজারে কাঁচা মরিচের দাম আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে।
সোমবার (৩ আগস্ট) সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে প্রায় ১০০ মেট্রিক টন কাঁচা মরিচ দেশে আমদানি করা হয়। বাজার সংশ্লিষ্টরা বলছেন, এই আমদানির ইতিবাচক প্রভাব ইতোমধ্যেই বাজারে দেখা যাচ্ছে।
মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বাজারভেদে প্রতি কেজি কাঁচা মরিচ ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এর আগে বৈরী আবহাওয়ার কারণে দেশীয় উৎপাদন কমে যাওয়ায় খুচরা বাজারে কাঁচা মরিচের দাম কেজিপ্রতি প্রায় ৪০০ টাকায় পৌঁছে গিয়েছিল।
দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়ার পর বাজারে সরবরাহ বাড়তে শুরু করেছে। পাইকারি ব্যবসায়ীদের মতে, বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারতীয় কাঁচা মরিচ আসায় স্থানীয় বাজারে সরবরাহ বৃদ্ধি পেয়েছে, যার প্রভাব খুচরা বাজারেও পড়ছে।
বিক্রেতারা আশা করছেন, ভারত থেকে আমদানি অব্যাহত থাকলে কাঁচা মরিচের দাম আরও সহনীয় পর্যায়ে নেমে আসবে।
এদিকে আমদানিকারকরা জানান, তারা আমদানি অনুমতিপত্র (আইপি) সংগ্রহের পাশাপাশি ঋণপত্র (এলসি) খুলছেন এবং ভারতের রপ্তানিকারকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন, যাতে বাজারে কাঁচা মরিচের সরবরাহ স্বাভাবিক রাখা যায়।