বাংলাদেশি শরণার্থীদের ছয় মাসের মধ্যে নাগরিকত্ব: অমিত শাহ
‘ধর্মীয় নিপীড়নের’ কারণে বাংলাদেশ থেকে ভারতে গিয়ে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর আওতায় আবেদন করা ব্যক্তিদের আগামী ছয় মাসের মধ্যে নাগরিকত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শনিবার (২২ আগস্ট) পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে এক জনসভায় এ ঘোষণা দেন তিনি।
অমিত শাহ বলেন, বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ ও জৈন শরণার্থীদের আগামী ছয় মাসের মধ্যে নাগরিকত্ব দেওয়া হবে। এটি তার প্রতিশ্রুতি। এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
তিনি জানান, সিএএর আওতায় যোগ্য আবেদনকারীদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে পশ্চিমবঙ্গের আটটি জেলার জেলা প্রশাসকদের এ বিষয়ে ক্ষমতা দেওয়া হয়েছে।
সব শরণার্থীকে সম্মানের সঙ্গে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে বলেও আশ্বাস দেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সীমান্তবর্তী আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জেলা প্রশাসকদের সিএএর আওতায় বিচারাধীন আবেদন নিষ্পত্তির ক্ষমতা দেয়।
জনসভায় তৃণমূল কংগ্রেস ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন অমিত শাহ। তিনি অভিযোগ করেন, সিএএ কার্যকরের বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার আগে আপত্তি জানিয়েছিল।
এ সময় পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে থাকা ‘অনুপ্রবেশকারীদের’ চিহ্নিত করে বহিষ্কার করবে বলেও মন্তব্য করেন তিনি।