রবিবার , ২৩ আগস্ট ২০২৬
রবিবার , ২৩ আগস্ট ২০২৬
হোমবিশ্ব২০২৫ সালে মার্কিন সেনাবাহিনীতে ২০ হাজারের বেশি যৌন নিপীড়নের ঘটনা

২০২৫ সালে মার্কিন সেনাবাহিনীতে ২০ হাজারের বেশি যৌন নিপীড়নের ঘটনা

favicon
ভোরের আলো ডেস্ক:
২০২৫ সালে মার্কিন সেনাবাহিনীতে ২০ হাজারের বেশি যৌন নিপীড়নের ঘটনা

২০২৫ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীতে যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে ২০ হাজার ৪৯২টি। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগন।


তবে পেন্টাগন জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন সামরিক বাহিনীতে যৌন নিপীড়নের ঘটনা কমছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৩ সালের তুলনায় ২০২৫ সালে এ ধরনের ঘটনার সংখ্যা প্রায় ৮ হাজার ৫০০টি কমেছে।


পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে, যৌন নিপীড়নের ঘটনায় পুরুষ ও নারী—উভয় ধরনের সামরিক কর্মকর্তা ও সদস্যের নাম রয়েছে। ২০২৩ সালের তুলনায় ২০২৫ সালে উভয় শ্রেণির মধ্যে এ ধরনের অপরাধের প্রবণতা কমেছে।


তথ্য অনুযায়ী, দুই বছরে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্ত নারী সামরিক কর্মকর্তা ও সদস্যের হার ২৪ দশমিক ৭ শতাংশ এবং পুরুষদের হার ১৭ দশমিক ৫ শতাংশ কমেছে।


এদিকে, যৌন নিপীড়নের ঘটনা আনুষ্ঠানিকভাবে রিপোর্ট করার হারও বেড়েছে। ২০২৩ সালে এ ধরনের ঘটনার মাত্র ২৫ শতাংশ অভিযোগ হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা পড়েছিল। ২০২৫ সালে সেই হার বেড়ে ৩৩ শতাংশে দাঁড়িয়েছে।


পেন্টাগন সামরিক বাহিনীর সদস্যদের যৌন নিপীড়নের ঘটনা লিখিতভাবে জানানোর আহ্বান জানিয়েছে। তাদের মতে, আনুষ্ঠানিক অভিযোগের মাধ্যমে ক্ষতিগ্রস্ত সদস্যদের চিকিৎসা, মানসিক সহায়তা ও অন্যান্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা সম্ভব। পাশাপাশি অভিযোগ তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনতেও এটি গুরুত্বপূর্ণ।


মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুদ্ধ বিভাগের কর্মী ও প্রস্তুতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যান্টনি জে. টাটা বলেন, মর্যাদা, সম্মান ও শৃঙ্খলা সামরিক বাহিনীর মূল ভিত্তি। যৌন নিপীড়ন ও হয়রানি এসব মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করে, আস্থার সংকট তৈরি করে এবং সামরিক অভিযানের সাফল্যকে হুমকির মুখে ফেলে।


তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন সামরিক বাহিনীর সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা, উচ্চ মান বজায় রাখা এবং একটি ঐক্যবদ্ধ ও দক্ষ বাহিনী গড়ে তোলার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।