পাকিস্তান দলের সাদা বলের নতুন কোচ মাইক হেসন, দায়িত্ব নেবেন ২৬ মে
পাকিস্তান ক্রিকেটে কোচ বদলের ধারাবাহিকতা যেন এক ধরনের মিউজিক্যাল চেয়ারে পরিণত হয়েছে। গত দুই বছরে দেশটির জাতীয় দলে দায়িত্ব পালনে এসেছে পাঁচজন কোচ। এবার ষষ্ঠ কোচ হিসেবে যুক্ত হচ্ছেন মাইক হেসন।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, মাইক হেসন পাকিস্তান দলের নতুন প্রধান কোচ হিসেবে যোগ দিচ্ছেন।”
নতুন দায়িত্বে হেসন মূলত সাদা বলের ক্রিকেট—ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে দলের সঙ্গে কাজ করবেন। আগামী ২৬ মে থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন বলে জানানো হয়েছে।
নিউজিল্যান্ড জাতীয় দলের সাবেক সফল কোচ হিসেবে পরিচিত মাইক হেসনের অভিজ্ঞতা পাকিস্তানের সীমিত ওভারের ক্রিকেটে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
এর আগে নিউজিল্যান্ড ও কেনিয়া জাতীয় দলের কোচ ছিলেন তিনি। বর্তমানে তিনি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শিরোপাধারী দল ইসলামাবাদ ইউনাইটেডের কোচের দায়িত্বও পালন করছেন।