বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › খেলা › মেসির বিদায়ী ম্যাচে যেতে পারছেন না দিবালা-মলিনা, বাধা রোমা কোচ

মেসির বিদায়ী ম্যাচে যেতে পারছেন না দিবালা-মলিনা, বাধা রোমা কোচ

favicon
ভোরের আলো ডেস্ক:
মেসির বিদায়ী ম্যাচে যেতে পারছেন না দিবালা-মলিনা, বাধা রোমা কোচ

আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির বিদায়ী ম্যাচে উপস্থিত থাকার ইচ্ছা থাকলেও ক্লাবের ব্যস্ত সূচির কারণে তা আর হচ্ছে না পাওলো দিবালা ও নাহুয়েল মলিনার। তাদের আর্জেন্টিনা যাওয়ার অনুমতি দেননি এএস রোমার প্রধান কোচ জান পিয়েরো গাসপেরিনি।


বুধবার (৭ অক্টোবর) বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্তালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের আনুষ্ঠানিক ইতি টানার কথা রয়েছে মেসির।


বর্তমান আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা জাতীয় দলের স্কোয়াডে নেই দিবালা ও মলিনা। তবে মেসির বিদায়ী মুহূর্তের সাক্ষী হতে তারা মাঠে উপস্থিত থেকে সতীর্থকে সমর্থন জানাতে চেয়েছিলেন। কিন্তু ক্লাবের গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে থাকায় তাদের সেই সুযোগ দিচ্ছে না রোমা।


আন্তর্জাতিক বিরতি শেষে রোববার সেরি আ-তে কোমোর বিপক্ষে খেলবে রোমা। এরপর ইউরোপীয় প্রতিযোগিতায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে দলটির। ফলে দক্ষিণ আমেরিকায় দীর্ঘ ভ্রমণ করে দ্রুত ক্লাবের ম্যাচে ফেরাকে ঝুঁকিপূর্ণ মনে করছেন গাসপেরিনি।


সোমবার স্কাই স্পোর্ট ইতালিয়াকে দেওয়া সাক্ষাৎকারে রোমা কোচ বলেন, গুরুত্বপূর্ণ ম্যাচের এত কাছাকাছি সময়ে খেলোয়াড়দের দীর্ঘ ভ্রমণের অনুমতি দেওয়া সম্ভব নয়। আর্জেন্টিনা অনেক দূরে হওয়ায় সেখান থেকে ফিরে রোববারের ম্যাচে প্রস্তুতি নেওয়া কঠিন হবে বলেও জানান তিনি।


তবে মেসির বিদায়ী ম্যাচের গুরুত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে গাসপেরিনি বলেন, মেসির বিদায় অত্যন্ত আবেগঘন হতে যাচ্ছে। ফুটবলার ও কোচ হিসেবে তিনি অনেক বিশ্বমানের খেলোয়াড় দেখেছেন, কিন্তু মেসির অর্জনের সঙ্গে তুলনা করা কঠিন বলেও মন্তব্য করেন রোমার কোচ।


দিবালা ও মলিনা উপস্থিত থাকতে না পারলেও মেসির বিদায়ী ম্যাচে সেরি আ-র বেশ কয়েকজন তারকা আর্জেন্টিনার জার্সিতে মাঠে থাকবেন। দলে রয়েছেন ইন্টার মিলানের লাউতারো মার্তিনেস, জুভেন্টাসের নিকো গনসালেস ও কোমোর নিকো পাজ। রোমা থেকেও লিওনার্দো বালের্দি, মাতিয়াস সোলে ও সান্তিয়াগো কাস্ত্রো আর্জেন্টিনা দলে থাকছেন।