টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানার আগুন নিয়ন্ত্রণে, ক্ষতিগ্রস্ত দুই ভবন
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এর আগে, সকাল পৌনে ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগে। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ সদস্যরা কাজ করেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানার দ্বিতীয় ইউনিটের চতুর্থ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারখানার বিভিন্ন অংশে। এতে কারখানাটির দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডে মোট কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আগুন নিয়ন্ত্রণে আসার পর সেটি আর ছড়িয়ে পড়বে না বলে আশা করছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং আগুন লাগার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য পরে জানা যেতে পারে।